যেসব তারকার সাজ সমালোচিত হয়েছে: ভূমি,গৌরী খান,কারিনা কাপুর,দিশা পাটানি
১২ ফেব্রুয়ারি মুম্বাইয়ের একটি নামী হোটেলে হয়ে গেল কিয়ারা আদভানি-সিদ্ধার্থ মালহোত্রার বিবাহোত্তর সংবর্ধনা। অনুষ্ঠানে কিয়ারা এবং সিদ্ধার্থের সাজ কমবেশি সব মহলেই প্রশংসিত হয়েছে। তবে অতিথি হয়ে আসা অনেক তারকার সাজপোশাক নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। তারকা যত বড়ই হোক, সাজপোশাক যদি পছন্দ না হয়, মন্তব্য করতে ছাড়েন না নেটিজেনরা। দেখে নেওয়া যাক তারকাদের এমন কয়েকটি সাজ, যা ভক্তদের মন জয় করতে ব্যর্থ হয়েছে

ভূমি পেড়নেকর
তরুণ তাহিলিয়ানির ডিজাইনার করা শাড়ি পরে এসেছিলেন ভূমি পেড়নেকর। কিন্তু এটি সামাজিক মাধ্যমে নেতিবাচক সাড়া পেয়েছে। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বড় ব্লাউজের গলা হওয়ায় বিরক্ত প্রকাশ করেছেন অনেকেই। অনেকে মনে করেছেন আঁটসাঁট ব্লাউজটির কারণে ভূমি অস্বস্তি বোধ করছিলেন।

গৌরী খান
নিজস্ব স্টাইলিং–এর জন্য প্রশংসিত হন গৌরী খান। তবে বিয়ের এই অনুষ্ঠানে তাঁর ধাতব কমলা রঙের সিল্কের গাউন ভক্তদের মন জয় করতে পারেনি। কেউ কেউ পোশাকটিকে ‘বাজেভাবে সেলাই করা’ হয়েছে বলেও অভিহিত করেছে। অনেকের মতে, পোশাকটি বিয়ের অনুষ্ঠান উপযোগী হয়নি। আরেকটু জমকালো কাজ থাকলে ভালো হতো মনে করছেন তাঁরা।

কারিনা কাপুর খান
বলিউডের ফ্যাশন কুইন কারিনার সাজ নিয়েও অনেকে মন্তব্য করেছেন। অনেকে আবার বেশ প্রশংসাও করেছে। চুমকি দেওয়া হালকা গোলাপি রঙের শাড়িটি সুন্দর ছিল। কিন্তু মেকআপ এবং চুলের স্টাইল অনুযায়ী তাঁকে খুব একটা সুন্দর লাগছিল না বলে মনে করছেন অনেকেই।

দিশা পাটানি
সবুজ রঙের কো-অর্ড সেট পরে এসেছিলেন দিশা পাটানি। তবে ড্রপ-নেক ক্রপ টপের সঙ্গে ঊরু খোলা স্কার্টটি এই অনুষ্ঠানে একদমই মানাচ্ছিল না। কেউ কেউ মন্তব্য করেছেন যে দিশা ভুলে গেছেন যে তিনি রেড কার্পেটে না, একটি বিয়ের অনুষ্ঠানে আছেন।

তাহিরা কাশ্যপ
ধাতব রঙের গাউন পরে ছিলেন অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন মন্তব্য করেছেন যে দেখে মনে হচ্ছে নিজেকে একটি ফয়েল পেপার মুড়িয়ে এসেছেন তাহিরা।

বিদ্যা বালান
বিয়ের অনুষ্ঠানে খুব সাদামাটাভাবে সেজে আসার জন্য অভিনেত্রী বিদ্যা বালানের নামও বলেছেন অনেকে। বিদ্যা বালানের অনুষ্ঠানে পরার পোশাকজ্ঞান শূন্য—এমন সব নেতিবাচক মন্তব্য দেখা গেছে।

নীতু সিং
অভিনেত্রী নীতু সিংয়ের পোশাকের নকশা ও রং অতিরিক্ত ছিল। এ কারণে সাজের সবকিছুই অতিরিক্ত মনে হচ্ছিল। ছেলের বউ আলিয়া ভাটকে নিয়ে বিয়ে বাড়িতে এসেছিলেন নীতু।

কাজল
অভিনেত্রী কাজলের বেলাতেও কারিনার মত ঘটেছে। শাড়িটি সুন্দর হলেও সাজ অনুষ্ঠান উপযোগী হয়নি। আর তাই নেটিজেনরা মেতেছেন সমালোচনায়।